ফরিদপুরে সেই গুলিবর্ষণকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা ঠেকাতে গুলি বর্ষণকারী মইনুল হককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ জুলাই ৩৮ হাজার ৭৪২ টাকা বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন মইনুলের বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করতে যান। বিদ্যুতের সংযোগ কাটার জন্য পল্লী বিদ্যুতের লাইনম্যান মো. মোকসেদ আলম মই বেয়ে ওঠার সময় মইনুল নিজের লাইসেন্স করা একটি একনলা বন্দুক দিয়ে মোকসেদের উদ্দেশ্যে গুলি করেন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান মোকসেদ। এ ঘটনায় ওই দিনই পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা কার্যালয়ের প্রকৌশলী জিয়াউদ্দিন তরফদার থানায় হত্যাচেষ্টার মামলা করেন।