ফরিদপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় মামলা
ফরিদপুর শহরে দি নিউ মেঘনা জুয়েলার্সে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে মামলা হয়েছে। ওই দোকানের মালিক বাসুদেব কর্মকার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি ডাকাতির মামলা করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গতকাল রাত সোয়া আটটার দিকে সাতজন মুখোশধারী ব্যক্তি অাগ্নেয়াস্ত্রের মুখে দোকানের শোকেস ভেঙে ভেতর থেকে ১৫০ ভরির মতো সোনার অলংকার লুটে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিদ উদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে আজ বেলা ১১টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ওই সোনার দোকানে সিসি ক্যামেরা ছিল। রাতেই সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করা হয়েছে। সে ফুটেজ ধরে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
গতকাল শহরের প্রাণকেন্দ্রে নিলটুলী এলাকার চারতলা বাংলা ইঞ্জিনিয়ারিং মার্কেটের নিচ তলার দি নিউ মেঘনা জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল ডাকাতি চলাকালে ও ডাকাতি করে চলে যাওয়ার সময় সাত থেকে আটটি হাত বোমা ছুড়ে।
আরও পড়ুন: