ফরিদপুরে স্কুলছাত্রকে অপহরণ, কোটি টাকা মুক্তিপণ দাবি
ফরিদপুরে দশম শ্রেণীর ছাত্রকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। পুলিশ অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মৃদুল। সে বাবা-মায়ের একমাত্র সন্তান। মায়ের সঙ্গে সে কানাইপুরের জাহাঙ্গীর টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকত। তার বাবা নান্নু মিয়া সৌদিপ্রবাসী। মৃদুলের পরিবারিক সূত্র জানায়, সোমবার সকালে কোচিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হয়ে ফিরে না আসায় মৃদুলের মা শেফা আক্তার ছেলের মুঠোফোনে দুপুর ১২টার দিকে (০১৯৬৪-০৮৫৭৪৯) ফোন দিয়ে সেটি বন্ধ পান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও আর মৃদুলের কোনো খোঁজ পাওয়া যায়নি। স্কুলছাত্রের চাচি রুমী বেগম বলেন, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মৃদুলের মুঠোফোন থেকে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি বলে, ‘আমরা মৃদুলকে অপহরণ করেছি। ওকে জীবিত ফেরত চাইলে এক কোটি টাকা দিতে হবে।’ এ ব্যাপারে পুলিশকে কিছু জানাতে নিষেধ করে তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক বলেন, মৃদুলকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।