ফরিদপুরে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের জামাল তালুকদারের বাড়ির পেছনের পেঁয়াজখেত থেকে রিঙ্কু শেখ (১৬) নামের ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। সে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র ছিল। রিঙ্কু রঘুনন্দনপুর গ্রামের রিকশাচালক আক্কাস শেখের ছেলে।
অম্বিকারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বলেন, গতকাল সকালে এলাকাবাসী পেঁয়াজখেতে গলাকাটা অবস্থায় রিঙ্কুর মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকেলে রিঙ্কু ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। গতকাল সকালে বাড়ির কাছে অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। আবদুল আজিজ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস বলেন, রিঙ্কু হতদরিদ্র পারিবারের ছেলে। পড়াশোনার পাশাপাশি সে অটোরিকশা চালাত।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, এ ঘটনায় রিঙ্কুর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।