ফরিদপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
ফরিদপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সদরপুর উপজেলার তালতলা গ্রাম থেকে স্বামী মোস্তফা কামালকে (৪০) গ্রেপ্তার করা হয়। গত ১ জানুয়ারি ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি মোড় এলাকার পারিশা ফিলিং স্টেশনের পেছনের একটি খেত থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ মামলা করে। মৃতদেহ উদ্ধারের প্রায় এক মাস পর জানা যায়, অজ্ঞাতনামা ওই নারীর নাম মীরা আক্তার (৩৫)। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার লক্ষণদিয়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। মীরার ভাই তসলিম মিয়া জানান, মীরা ব্র্যাকের মাঠ কর্মকর্তা হিসেবে কাজ করতেন। এই কাজের সুবাদেই মোস্তফা কামালের সঙ্গে মীরার সম্পর্ক হয়। গত ৩০ অক্টোবর তাঁরা বিয়ে করেন।মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, মীরার মৃতদেহ উদ্ধারের পর থেকেই মোস্তফা কামাল পলাতক ছিলেন।