ফরিদপুরে স্ত্রীকে ঝলসে দেওয়ার অভিযোগ
ফরিদপুরে ফিরোজা বেগম নামের এক গৃহবধূর শরীর অ্যাসিড মেরে ঝলসে দেওয়া হয়েছে। ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লায় গত শনিবার এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই গৃহবধূর স্বামী ও দেবরকে আটক করেছে।
ফিরোজা বেগম (৩৫) সদরপুর উপজেলার জরিপেরচর গ্রামের জাহাঙ্গীর খানের (৪৫) স্ত্রী। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ফিরোজা অভিযোগ করেন, তিনি গত শনিবার ঝিলটুলিতে তাঁর বাবা চাঁদ মিয়ার বাড়িতে আসছিলেন। এ সময় স্বামী জাহাঙ্গীর, দেবর সিদ্দিকসহ চারজন সেখানে এসে তাঁর শরীরে তরল পদার্থ ঢেলে দিয়ে দ্রুত পালিয়ে যান।
গতকাল রোববার হাসপাতালে গিয়ে দেখা গেছে, ওই গৃহবধূর বাম হাতের কনুইয়ের ওপর ও নিচের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে। তিনি বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। হাসপাপতালের রেজিস্ট্রার সুমন কুমার সেন জানান, ‘ওই গৃহবধূ কেমিক্যাল বার্নের শিকার হয়েছেন। তাঁর শরীরের ৬-৭ শতাংশ দগ্ধ হয়েছে। তবে ওই কেমিক্যালটা এসিড কি না, তার পরীক্ষা আমাদের এখানে হয় না।’
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় জাহাঙ্গীর খান বলেন, ‘ফিরোজার সঙ্গে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই। অ্যাসিড মারার ঘটনার সঙ্গে আমি বা আমার ভাই যুক্ত নই।’
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আলিমুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।