ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে কাঞ্চন হালদার (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
কাঞ্চন হালদার ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মহল্লার দুলাল হালদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সূত্র বলে, যৌতুক না পেয়ে ২০০৮ সালের ১৪ জুন নিজ বাড়িতে স্ত্রী স্বপ্না মালোকে (২০) কুপিয়ে হত্যা করেন কাঞ্চন হালদার। ওই দিনই স্বপ্নার বাবা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাঁদপুর গ্রামের জীবন কুমার মালো ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কাঞ্চন হালদার, তাঁর মা-বাবাসহ চারজনকে আসামি করা হয়। পরে পুলিশের অভিযোগপত্রে কাঞ্চনের নাম রেখে বাকিদের বাদ দেওয়া হয়।
সরকার পক্ষের কৌঁসুলি স্বপন কুমার পাল বলেন, ঘটনার আড়াই বছর আগে স্বপ্নার সঙ্গে কাঞ্চনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। পরবর্তী সময়ে কাঞ্চন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।