ফরিদপুরে স্বর্ণালংকার উদ্ধার ঝালকাঠিতে চুরি, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের নিলটুলী এলাকা থেকে এক কেজি ৩৯ গ্রাম চোরাই সোনার অলংকারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে ঝালকাঠি শহরে এক ব্যবসায়ীর বাসভবন থেকে চুরি হয়েছে ৩০০ ভরি স্বর্ণালংকার। এতে আটক হয়েছে আরও পাঁচজন।ফরিদপুর র্যাব-৮-এর অধিনায়ক মনিরুল হক জানান, গত সোমবার নিলটুলী এলাকা থেকে শহরের সুমন জুয়েলার্সের সামনে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে র্যাব তাঁকে ডেকে দোকানে নেয়। পরে তাঁর শরীর তল্লাশি করে এক কেজি ৩৯ গ্রাম সোনার বিভিন্ন অলংকার পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।ফরিদপুরে আটক যুবক জানান, তাঁর নাম সবুজ হোসেন (৩৭), বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুরে। তিনি গাজীপুরের দিপা জুয়েলার্সে কাজ করতেন। সেখান থেকেই গত রোববার স্বর্ণালংকারগুলো চুরি করেন। সুমন জুয়েলার্সে অলংকারগুলো বিক্রির চেষ্টা করেছিলেন তিনি। দিপা জুয়েলার্সের মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কাপাসিয়া থানায় একটি মামলা করা হয়েছে।এদিকে ঝালকাঠি শহরের কামারপট্টি সড়কের সেঞ্চুরি ইলেকট্রিকের মালিক হেমায়েত হোসেনের বাসভবন থেকে ৩০০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা চুরি হয়েছে। গত সোমবার রাতে এ চুরি হয়। হেমায়েত হোসেন জানান, পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে গেলে সেই ফাঁকে এ চুরি হয়। তিনি দাবি করেন, আত্মীয়স্বজন মিলে আট থেকে নয়টি পরিবারের মোট ৩০০ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা তাঁর বাড়িতে গচ্ছিত ছিল।ঝালকাঠি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সেঞ্চুরি ইলেকট্রিকের দুই কর্মচারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।