ফরিদপুরে স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ পদ্ধতিতে দুর্নীতি ও টাকার লেনদেন হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সকালে ফরিদপুর স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে স্থগিত করা হয়েছে।অভিযোগ খতিয়ে দেখার জন্য গত রোববার পরিচালক (স্বাস্থ্য, ঢাকা বিভাগ) সুভাস সাহা দুই সদস্যের একটি কমিটি গঠন করেছেন। এ কমিটির আহ্বায়ক হলেন উপপরিচালক (স্বাস্থ্য, ঢাকা বিভাগ) মো. ওমর ফারুক খান ও একমাত্র সদস্য রাজবাড়ীর সিভিল সার্জন মো. নূরুল আমীন। কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা ও বোয়ালমারী—এই তিন উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে জনবল বাড়ানোর জন্য এ নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়। এতে তৃতীয় শ্রেণীর ছয়টি ও চতুর্থ শ্রেণীর নয়টি পদের বিপরীতে ২৩৫ জন প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। পরীক্ষার দিন সকাল সাতটায় সিভিল সার্জনের কার্যালয়ে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হয়। এ কাজে নিয়োজিত স্বাস্থ্য বিভাগের সহকারী প্রধান মীর রায়হান আলী জানান, সাড়ে নয়টার দিকে প্রথমে সিএস ও পরে নিয়োগ কমিটির সভাপতির কাছে অজ্ঞাত স্থান থেকে ফোন আসে, নিয়োগ-প্রক্রিয়ার মধ্যে টাকার লেনদেন ও দুর্নীতি হচ্ছে। এ অভিযোগ পাওয়ার পরই পরীক্ষা স্থগিত করা হয়।তদন্ত কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, কমিটি ইতিমধ্যে তদন্তের কাজ শুরু করেছে।