ফরিদপুরে স্বেচ্ছাশ্রমে চলছে সাঁকো নির্মাণ
ফরিদপুর পৌরসভার রঘুনন্দনপুর-কলাবাগান এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খালের ওপর সাঁকো নির্মাণ করছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার এই নির্মাণকাজ শুরু হয়।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ইতিমধ্যে ১০০ মিটার দৈর্ঘ্যের সাঁকোটির প্রায় অর্ধেক অংশের কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় বাসিন্দারা বাঁশ, রশি, তারসহ আনুষঙ্গিক সামগ্রী কিনে নির্মাণ করছেন এই সাঁকো।
ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার ৭০টি বাড়ি থেকে প্রায় ১৫ হাজার টাকা সংগ্রহ করা হয়। এই টাকা দিয়ে ৩৫টি বাঁশ, তারসহ সাঁকো নির্মাণের আনুষঙ্গিক সামগ্রী কেনা হয়। এরপর নিজেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সাঁকো নির্মাণ শুরু করেন।
শেখ হারুন অর রশীদ নামের এক ব্যক্তি বলেন, এই ১০০ মিটার জায়গা দিয়ে এলাকার শোভারামপুর, অম্বিকাপুর, দয়ারামপুর, গেইন্দিয়াসহ ১০টি গ্রামের বিভিন্ন পেশার ১০ সহস্রাধিক লোক প্রতিদিন যাতায়াত করেন। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া ও চাকরিজীবীদের কর্মস্থলে যাওয়ার এটাই পথ। কিন্তু সাঁকো না থাকায় বর্ষার সময় এলাকাবাসীকে প্রায় তিন কিলোমিটার পথ ঘুরে যেতে হয়।
সৈয়দ মালেক মণ্ডল নামের এক ব্যক্তি বলেন, শুকনো মৌসুমে এই খাল পাড় হয়ে যাতায়াত করা যায়। কিন্তু বর্ষায় খালটি পানিতে ভরে যায়। এ কারণে হেঁটে যাওয়া যায় না। এ জন্যই বাঁশের এই সাঁকো নির্মাণ করা হচ্ছে।
২০১৩ সালের ২৪ নভেম্বর প্রথম আলোয় ‘১০০ মিটার রাস্তার অভাবে ঘুরতে হয় তিন কিলোমিটার’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল।