ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার
ফরিদপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা ও ক্ষতিসাধনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্যকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের নিজস্ব কার্যালয় হাফেজ বিল্ডিংয়ে এক জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া চূড়ান্তভাবে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কার্যালয়ে বার্তা পাঠানো হয়েছে।বহিষ্কৃতরা সবাই জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁরা হলেন রেজাউনুর রহমান, মনির মৃধা ও মাসুদ মিয়া। এ ব্যাপারে বহিষ্কৃতদের কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। গত রোববার সন্ধ্যায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কোন্দলের জেরে একপর্যায়ে শহরের ঝিলটুলী এলাকার আ. করিম মিয়া সড়কে অবস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলীর দোতলায় হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের ঢিলের আঘাতে বাড়ির নিচতলা ও দোতলার ছয়টি জানালার কাঁচ ভেঙে যায়।