ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
ফরিদপুরের ভাঙ্গায় নছিমনের ধাক্কায় বৃদ্ধা ও মধুখালীতে মাইক্রোবাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, মধুখালী উপজেলার রাজধারপুর এলাকায় গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে একটি চালক নিয়ন্ত্রণ হারালে একটি মাইক্রোবাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। ফলে এর যাত্রী মনিরা নূর ঝিমি (২৬), টিপু সুলতান (২৮) ও আঞ্জুমান (৩৫) আহত হন। তাঁদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরা নূর ঝিমিকে মৃত ঘোষণা করেন। নিহত মনিরা যশোর সদর উপজেলার কসবা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী মহল্লায় আমেনা বেগম (৮৫) ভাঙ্গা বাজার-ছিলাধরচর আঞ্চলিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি নছিমন তাঁকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি হোগলাডাঙ্গী মহল্লার দলিল উদ্দিন শেখের স্ত্রী।