ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলার জিয়াকুলি এলাকায় আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন দরজি ব্যবসায়ী ননী গোপাল মণ্ডল (৪০) ও সার ব্যবসায়ী হারুন মাতুব্বর (৩০)। ননী গোপালের বাড়ি উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে। তিনি একজন দরজি ব্যবসায়ী। অপরজন একই গ্রামের বাসিন্দা ও সার ব্যবসায়ী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরীয়ার হাসান বলেন, সেনাবাহিনীর বহরের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনীর ওই বহরটি নির্বাচনী কাজ শেষ করে যশোর যাচ্ছিল এবং ওই মোটর সাইকেলটি ভাঙ্গার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ইমরান হোসেন দুজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।