ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নির্মাণশ্রমিকনিহত
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় দুজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন অসীত কুমার (৩৫) ও জলিল হোসেন (২৫)। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াসউদ্দিন জানান, আটজন ছাদ ঢালাইয়ের শ্রমিক মাগুরা থেকে নসিমনে করে মধুখালীর মাঝকান্দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আড়পাড়া সেতুতে ওঠার মুহূর্তে নসিমনটিকে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নসিমনটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অসীত কুমার ও জলিল হোসেন ঘটনাস্থলে মারা যান।
আহত চারজনকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন নির্মল (৩৫), লিটন (৩০), সমির হোসেন (২৫) ও মো. বক্কার (২৪)। হতাহত সবাই মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।