ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সকাল সাড়ে আটটার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. শাহিন মিয়া (৩৫) ও মো. ইসমাইল (৪০)। তাঁদের বাড়ি ভাঙ্গা পৌর এলাকার চৌধুরীকান্দা গ্রামে। এঁদের মধ্যে শাহিন মিয়া একটি বাসের মালিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে দুই জানা গেছে, ওই দুজন মোটরসাইকেলে করে ফরিদপুর শহরে যাচ্ছিলেন। ডাঙ্গি বাজার এলাকায় একটি টেম্পোকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার হাসান প্রথম আলোকে জানান, ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ দুটি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।