ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফরিদপুর সদর উপজেলায় আজ বুধবার সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার শিবরামপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মো. বজলু (৬৫) ও মো. ওবায়দুর (৪৮)। বজলুর বাড়ি বরগুনার উম্মানিয়া গ্রামে। দ্বিতীয়জনের ঠিকানা জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের বাস বেলা দেড়টার দিকে সদর উপজেলার শিবরামপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের ১২ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থল থেকে আহত লোকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বজলু ও ট্রমা সেন্টারে চিকিত্সাধীন অবস্থায় ওবায়দুর মারা যান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক মো. এ হাসান জানান, আহত লোকজনের মধ্যে বেবি (১২) ও মালেকা বেগমের (৫৫) অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুদ্দিন প্রথম আলোকে বলেন, সাকুরা বাসের চালক পলাতক। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।