ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে উপজেলার মাঝিবাড়ী বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনের দিক থেকে আসা আরেকটি মিনি ট্রাক ধাক্কা দেয়। এতে দুজন নিহত হন।
নিহত দুজন হলেন মিনি ট্রাকের চালক মো. মোশারফ হোসেন (৫৫) ও তাঁর সহযোগী মো. আপেল (৪০)। তাঁদের বাড়ি নরসিংদী জেলায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা নিহত দুজনের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেন।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, মহাসড়কের পাশে টিনবোঝাই একটি ট্রাক থেমে ছিল। এ সময় নরসিংদী থেকে মাগুরাগামী হাঁসবোঝাই একটি মিনি ট্রাক পেছন দিক দিয়ে থেমে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হন।