ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৯ শ্রমিকসহ ১১ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের মল্লিকপুর এলাকায় গত বুধবার একটি বাস উল্টে নয়জন শ্রমিক নিহত ও ৩০ জন আহত হয়েছেন। একই জেলার নগরকান্দায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন।বুধবার সড়ক দুর্ঘটনায় নিহত নয়জন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের চানপুর বড়ঘাট এলাকার এএইচ জুট স্পিনার্স মিল নামের একটি পাটকলের শ্রমিক। তাঁরা হলেন গাজীপুরের কালিয়াকৈরের কামরাঙ্গাচালা এলাকার বীণা আক্তার (২১), ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোয়ালবাড়ী গ্রামের শাহাদাত মোল্লা (২৫), চণ্ডীবিলা গ্রামের এনামুল হোসেন (১৮), মধুখালী উপজেলার নওপাড়ার আল-আমীন (২৬), লাবলু শেখ (২৪), রাজন মোল্লা (১৮), শিরিনা বেগম (২৪), রুবেল শেখ (১৯) ও রায়পুরের পাইককান্দি গ্রামের নাজমুল শেখ (১৮)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের মল্লিকপুর এলাকায় বুধবার বেলা তিনটার দিকে একটি যাত্রীবাহী বাস এএইচ জুট স্পিনার্স মিলের শ্রমিক-কর্মচারী বহনকারী বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে শ্রমিক বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মল্লিকপুর এলাকার একটি সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে সড়কের ওপর উল্টে যায়।পাটকলের উপব্যবস্থাপক (প্রশাসন) লুৎফর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই বীণা আক্তার, আল-আমীন ও লাবলু শেখ নিহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাজমুল শেখ ও শাহাদাত মোল্লা মারা যান। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরিনা বেগম, এনামুল হোসেন ও রুবেল শেখ মারা যান। ঢাকা নেওয়ার পথে মারা যান রাজন মোল্লা। দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়। এদের মধ্যে ১৩ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ১৫ জন ফরিদপুর সদর ও দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা সবাই এএইচ জুট স্পিনার্স মিলের শ্রমিক। পাটকলের মালিক আবুল হোসেন বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয়ভার কর্তৃপক্ষ বহন করবে। এ ছাড়া নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাশাগাড়ি এলাকায় গতকাল সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী ফরিদপুর সদরের ভাষানচর গ্রামের শামসু শেখের ছেলে শফিকুল ইসলাম (২৬) ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের জাহাঙ্গীর কবির (৪০) মারা যান। শফিকুল একজন নৃত্যশিল্পী ও ‘নৃত্যালয়’ নামের একটি নৃত্য সংগঠনের পরিচালক ছিলেন।