ফরিদপুরে হত্যা মামলায় একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন
ফরিদপুরে মাদ্রাসার ছাত্র হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর, দুজনকে যাবজ্জীবন ও একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মুরাদ-এ-মাওলা সোহেল এ রায় দেন। রায় ঘোষণার সময় এ হত্যা মামলার সব আসামি আদালতে হাজির ছিল।
ফাঁসির দণ্ড পাওয়া আসামি হলেন আজিজার মোল্লা (৪৮)। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন রেহানা বেগম (৪৫) ও ইউনুস ফকির (৪০)। এ ছাড়া আসামি রাবেয়া বেগমকে (৩৫) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মামলার সব আসামির বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবাহা ইউনিয়নের ফেলান নগর গ্রামে।
ফরিদপুর জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) মো. খসরুজ্জামান প্রথম আলোকে জানান, পূর্ব শত্রুতার জেরে ২০০৯ সালের ২৬ এপ্রিল ফেলান নগর গ্রামের ওমর নগর চন্দনি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন ওরফে ইমনকে (১৪) কুপিয়ে হত্যা করেন আসামিরা। ইমন মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। ওই দিনই ইমনের বাবা মো. নূর ইসলাম ছয়জনকে আসামি করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।