ফরিদপুরে হত্যা মামলায় ভাইসহ আ.লীগ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারের প্রতীকী ছবি
কারাগারের প্রতীকী ছবি

ফরিদপুরে হত্যা মামলায় ভাইসহ কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরকে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে বিল্লাল ফকির এবং তাঁর ভাই ইনজামামুল হক জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে জেলা জজ মো. হেলালউদ্দিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিল্লাল হোসেন ফকির ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান। তাঁর ভাই ইনজামামুল হক ওরফে মিঠু ফরিদপুর জজ কোর্টের আইনজীবী।

গত ১৬ এপ্রিল কৃষ্ণপুর ইউনিয়নের হাটকৃষ্ণপুর বাজারের আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান পক্ষ এবং তাঁর প্রতিপক্ষ আখতারুজ্জামান ওরফে তিতাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন আখতারুজ্জামানের সমর্থক নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের মান্নান সিকদার। এ ঘটনায় নিহত মান্নানের ভাই বোরহান সিকদার গত ১৭ এপ্রিল বাদী হয়ে সদরপুর থানায় ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত বিল্লাল ফকির এবং তাঁর ভাই ইনজামামুল হক। মামলার পর বিল্লাল ফকির ও তাঁর ভাই হাইকোর্ট থেকে দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন।

ওই হত্যা মামলার বাদী বোরহান সিকদারের কৌঁসুলি মো. শহীদুল্লাহ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বুধবার দুপুরে আওয়ামী লীগ নেতা এবং তাঁর ভাই ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। কিন্তু জেলা জজ তাঁদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালত থেকে দুই ভাইকে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল দৈনিক প্রথম আলোর ২ নম্বর পাতায় ‘ফরিদপুরে ১৪৪ ধারার মধ্যে সংঘর্ষ, নিহত ১’ শিরোনামে এ-সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়।