ফরিদপুরে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রী শিরিন আক্তারকে (২০) নির্যতন এবং পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ফরিদকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. আবদুল মান্নান গতকাল বুধবার আসামির উপস্থিতিতে এ রায় দেন।মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের মো. ওয়াদুদ খানের মেয়ে শিরিনের সঙ্গে একই উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামের শেখ ফরিদের বিয়ে হয়। বিয়ের সময় কনেপক্ষ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার দেয়। কিন্তু বিয়ের পর থেকে ফরিদ আরও এক লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না দেওয়ায় তিনি স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। ২০০৮ সালের ৩১ মে বেলা ১১টার দিকে ফরিদ তাঁর স্ত্রী শিরিনকে প্রথমে শারীরিক নির্যাতন এবং পরে পুড়িয়ে হত্যা করেন।