ফরিদপুরে হাজতির মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর কারাগারে হত্যা মামলার হাজতি আজাদ শেখের (২৭) মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে৷ কারা কর্তৃপক্ষের দাবি, কারাগারের একটি সেলের দরজার সঙ্গে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আজাদ৷ তবে লাশের সুরতহাল প্রদানকারী নির্বাহী হাকিম মোহাম্মদ মামুন শিবলী বলেছেন, মৃতদেহের গলায় দৃশ্যমান কোনো চিহ্ন দেখা যায়নি।
জেলা কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে কারারক্ষীরা দেখতে পান ৩ নম্বর সেলে দরজার সঙ্গে গলায় পরনের লুঙ্গি গলায় পেঁচানো অবস্থায় আজাদ দাঁড়িয়ে আছেন। আজাদকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত শুক্রবার রাত ১১টার দিকে কারাগারের ৩ নম্বর সেলে এই ঘটনা ঘটে৷ আজাদ শেখ (২৭) ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার দাড়িয়ার মাঠ মহল্লার সামু শেখের ছেলে।
দাড়িয়ারমাঠ এলাকার লোকজন ও ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, আজাদ অবিবাহিত ও মাদকাসক্ত ছিলেন। ২০১২ সালের ৩১ অক্টোবর সকাল ১০টার দিকে টাকার জন্য তিনি তাঁর মাকে মারধর শুরু করলে চাচা মোহম শেখ ঠেকাতে আসেন। তখন আজাদ কুপিয়ে মোহমকে হত্যা করেন। এ ঘটনার পর এলাকাবাসী আজাদকে গণপিটুনী দিলে তিনি আহত হন। পরে মোহম শেখের ছোট ছেলে সাদ্দাম শেখ আজাদকে আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আজাদ। তবে তাঁর শরীর ঝুলন্ত অবস্থায় ছিল না। সেলের দরজার সঙ্গে দাঁড়ানো এবং গলায় লুঙ্গি পেঁচানো মুমূর্ষু আবস্থায় পাওয়া যায় তাঁকে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের সুরতহাল করেছেন নির্বাহী হাকিম মোহাম্মদ মামুন শিবলী ও কোতোয়ািল থানার এসআই নিখিল অধিকারী। মামুন শিবলী প্রথম আলোকে বলেন, গালায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেছেন—এ বক্তব্যের সমর্থনে মৃতদেহের গলায় দৃশ্যমান কোনো চিহ্ন দেখা যায়নি। তবে মৃতদেহের ডান চোখের নিচে একটি কালো দাগ ও ডান চোয়ালের নিচে একটি কালো দাগ পাওয়া গেছে। তবে ডান চোয়ালের নিচের কালো দাগটি অপেক্ষাকৃত পুরোনো। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর সঠিক কারণ শনাক্ত করা যাবে।
এসআই নিখিল অধিকারী প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডমাস্টার আরিফ ইসলাম বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।