ফরিদপুরে হামলায় দুজন আহত, চারটি গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা বাসমালিক গ্রুপের নির্বাচনকে কেন্দ্র করে দুটি হামলার ঘটনায় এক বাসমালিক এবং এক বাসশ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া চারটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। গতকাল শুক্রবার সকালে ও গত বৃহস্পতিবার রাতে এ দুটি হামলার ঘটনা ঘটে। আজ শনিবার ফরিদপুর জেলা বাসমালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কামরুজ্জামান সিদ্দিকী-সমর্থিত পক্ষ ও রাশেদুল ইসলাম-সমর্থিত পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কামরুল পক্ষের লোকজন শহরের গোয়ালচামট এলাকায় নির্বাচনী কাজ শেষ করে পুরাতন বাসস্ট্যান্ডে ফিরছিলেন। এ সময় শহরের গৌরগোপাল আঙিনার সামনে তাঁদের গাড়িবহরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে চারটি মাইক্রোবাস ভাঙচুর করেন। এ সময় কামরুল পক্ষের বাসমালিক নেতা আনিসুর রহমান মোল্লাকে রড দিয়ে আঘাত করলে তিনি আহত হন। রাতেই তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর জের ধরে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন মুচিবাড়ি সেতুর কাছে প্রতিপক্ষের হামলায় আহত হন রাশেদুল ইসলাম পক্ষের সমর্থক বলে পরিচিত ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য মো. তুষার (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজন ব্যক্তি কুপিয়ে তুষারকে আহত করে চলে যান। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক বলেন, উভয় পক্ষই থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।