ফরিদপুরে হৈমন্তী শুক্লার সুরের মূর্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান গাইছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা l প্রথম আলো
গান গাইছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা l প্রথম আলো

মাঠে তিল ধারণের জায়গা নেই। শামিয়ানার আশপাশেও মানুষের ভিড়। রাত পৌনে ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সময় যে কীভাবে কাটল বোঝা গেল না। ২৫টি গান গাইলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা। গানের ফাঁকে ফাঁকে নিজের জীবন-কর্মের কথাও শোনালেন শিল্পী।
গত সোমবার রাতে ফরিদপুরের শ্রীঅঙ্গনে এ অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইলেন সাত সহস্রাধিক দর্শক। শুভেচ্ছা বক্তব্য, মানপত্র পাঠ, পুষ্পার্ঘ্য বিতরণের পর্ব শেষ হওয়ার পর শুরু হয় শিল্পীর সংগীত পরিবেশন। হৈমন্তী শুক্লা তাঁর বাবা হরিহর শুক্লাসহ হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, নচিকেতা, গৌরী প্রসন্ন মজুমদারসহ বাংলা সংগীতের দিকপালদের লেখা ও সুর করা বিভিন্ন গান। সোমবারই শিল্পী কলকাতা থেকে ঢাকায় পৌঁছান। তারপর সড়ক পথে বিকেল পাঁচটায় ফরিদপুরে পৌঁছান।
গান শেষ করে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে হৈমন্তী শুক্লা বলেন, ‘আজ ফরিদপুরে গান গেয়ে যতটা ভালো লেগেছে, তা আমার সংগীত জীবনের এক দুর্লভ পাওয়া। আজ মনে হচ্ছে আমার বেঁচে থাকা সার্থক।’ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গনে জগদ্বন্ধু সুন্দরের মৌনব্রত ভঙ্গের স্মরণে রোববার থেকে শুরু হয় তিন দিনের বন্ধুবাসন্তী উৎসব। এ উপলক্ষে শ্রীঅঙ্গন কর্তৃপক্ষের আমন্ত্রণে হৈমন্তী শুক্লা এ অনুষ্ঠানে আসেন।