প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ধুতরাহাটি গ্রামে একটি বিদ্যালয়ের জায়গা দখলের জের ধরে গতকাল বৃহস্পতিবার ১০টি বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় নারীসহ ১২ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, খায়রুদ্দীন মোল্লা নামের এক ব্যক্তি স্থানীয় ধুতরাহাটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ৬৮ শতাংশ জায়গা বেদখল করে রাখেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য একই গ্রামের জাহিদ মুন্সি গতকাল বিদ্যালয়ের ওই জায়গা দখলমুক্ত করার ঘোষণা দেন। কিন্তু ভোর ছয়টার দিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুছ মাতুব্বর ও খায়রুদ্দীন দলবল নিয়ে জমি উদ্ধারকারীদের ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনায় আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইউনুছ মাতুব্বরের মুঠোফোনটি কল করে তা বন্ধ পাওয়া যায়।