ফরিদপুরে ১০ ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা
ফরিদপুর শহরের বিভিন্ন স্থান থেকে গত মঙ্গলবার রাতে ১০ জন ভুয়া দন্ত চিকিৎসককে আটক করে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের জেল-জরিমানা করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইসমাইল ডেন্টাল ল্যাবের মালিক উজ্জ্বল হোসেন (২৮), আমেনা ডেন্টাল কেয়ারের মালিক শাখাওয়াত হোসেন (২৯), সাবেরা ডেন্টাল কেয়ারের মালিক হাফিজুর রহমান (৩০), নূরজাহান ডেন্টাল ক্লিনিকের প্রিয়া আক্তার (২৩), দন্ত চিকিৎসালয়ের শেখ জাহিদ হোসেন (৩৮), সেবা ডেন্টাল কেয়ারের আক্তারুজ্জামান খান (৩৩), সেবা ডেন্টাল কেয়ারের এখলাস উদ্দিন মৃধা (৩৩), মুক্তা ডেন্টাল কেয়ারের আলতাফ হোসেন (৪৬), ফরিদপুর দন্ত চিকিৎসালয়ের চিকিৎসক গুহলক্ষ্মীপুর গ্রামের আবদুল কাদের (৪৮) ও তাঁর বাবা আবুল খায়ের (৭৩)। এঁদের মধ্যে আবুল খায়ের দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে নিজেকে সার্জন পরিচয় দিয়ে চিকিৎসা করছিলেন। অথচ তাঁর কোনো ডাক্তারি সনদ নেই।
র্যাব-১২ ফরিদপুর ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, আটকের পর নির্বাহী হাকিমেরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া চিকিৎসক আবুল খায়েরকে ২০ হাজার টাকা, উজ্জ্বল হোসেন, প্রিয়া আক্তার ও আক্তারুজ্জামানকে ৫০ হাজার টাকা এবং আলতাফ হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। ভুয়া চিকিৎসক সাখাওয়াত হোসেন, আবদুল কাদের ও জাহিদ হোসেনকে ছয় মাসের কারাদণ্ড, হাফিজুর রহমানকে তিন মাসের কারাদণ্ড ও এখলাস উদ্দিন মৃধাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। রাতেই তাঁদের জেলহাজতে পাঠানো হয়।