ফরিদপুরে ১০ হাজার মানুষ পানিবন্দী
ফরিদপুরে পদ্মা নদীর পানি বাড়ায় সদরের দুটি ও চরভদ্রাসনের চারটি ইউনিয়নের ১০ হাজার মানুষ চার দিন ধরে পানিবন্দী। চরম দুর্ভোগে দিন কাটছে তাদের।
ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদার বলেন, পদ্মা নদীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোয়ালন্দ এলাকায় পদ্মার পানি গতকাল বৃহস্পতিবার সকালে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
সদরের চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তুহিন মণ্ডল বলেন, তাঁর ইউনিয়নের ২৮টি গ্রামের চার হাজার মানুষ পানিবন্দী।
ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান সাদেকুজ্জামান বলেন, ইউনিয়নের সাতটি গ্রামের তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডিক্রিরচর ইউনিয়নের ভাঙ্গিডাঙ্গি গ্রামের বাসিন্দা রহিম মাতুব্বর বলেন, চার দিন ধরে পানিবন্দী থাকায় তাঁরা কোনো কাজ করতে পারছেন না। এই অবস্থায় অর্ধাহারে-অনাহারে দিন কাটছে।
এদিকে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, বন্যার পানিতে প্রায় চারটি ইউনিয়নের তিন হাজার লোক আটকা পড়েছে। চরাঞ্চলের ১০০ একর জমির আমন ধান ও ধানি জমি পানিতে ডুবে গেছে।