ফরিদপুরে ১২০০ গুলি ও দুটি গ্রেনেড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গতকাল বুধবার এক হাজার ২০০টি গুলি ও দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। নদীতে খননকাজ চলাকালে এগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামসংলগ্ন বারাশিয়া নদীতে যন্ত্র (এক্সকেভেটর) দিয়ে খননকাজ চলছিল। এ সময় সেখানে গুলিভর্তি দুটি বাক্স ও দুটি গ্রেনেড পাওয়া যায়। এরপর খননকাজে নিয়োজিত ব্যক্তিরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হোসেন জানান, দুটি বাক্সে মোট এক হাজার ২০০টি গুলি ছিল। এগুলো রাইফেলের গুলি। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা বা পাকিস্তানি সেনাবাহিনী এসব গুলি পুঁতে রেখেছিল। এগুলো বর্তমানে ব্যবহারের অনুপযোগী।