বিল গোবিন্দপুর উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা
ফরিদপুরে ২৫ জন শিক্ষার্থী গণমনস্তাত্ত্বিক কারণে অসুস্থ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী গতকাল শনিবার গণমনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়ে। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ১৯ থেকে ২১ জানুয়ারি ফরিদপুর সদরের আরডি একাডেমি এবং খলিলপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারী মিলে মোট ১০৩ জন গণমনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়। ওই সময় এ পরিস্থিতি সামাল দিতে সদর উপজেলার ৫৭টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় দুই দিন (২৩ ও ২৪ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছিল।
বিল গোবিন্দপুর উচ্চবিদ্যালয়টি তালমা মোড় এলাকায় অবস্থিত। তালমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সরদার কামাল হোসেন বলেন, গতকাল শনিবার বেলা ১০টার দিকে স্কুল শুরুর আগে অ্যাসেম্বলি (ক্লাস শুরুর আগে সমাবেশ) চলছিল। ওই সময় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে যায়। সে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হলে অন্য শিক্ষার্থীরা তাকে দ্রুত ধরে ফেলে।
দশম শ্রেণির শিক্ষার্থী সোনালী আক্তার বলে, ‘আমরা অ্যাসেম্বলিতে ছিলাম। তখন হঠাৎ এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর তার দেখাদেখি আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান সরদার বলেন, স্কুল শুরু হলে প্রথম ক্লাস চলাকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ২৩ জন ছাত্রী ও দুজন ছাত্র। শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করলে স্থানীয় চিকিৎসকদের দিয়ে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অসুস্থ শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ার তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে ওই বিদ্যালয়টি শনি ও রবিবার দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বিদ্যালয়ের দেওয়া তথ্যমতে, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে সপ্তম শ্রেণির ১৫ জন, অষ্টম শ্রেণির ৩ জন, নবম শ্রেণির ১ জন, দশম শ্রেণির ৪ জন ও ষষ্ঠ শ্রেণির ২ জন শিক্ষার্থী রয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত মোস্তফা জানান, অসুস্থদের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানোর পর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু মুহাম্মদ আবদুস ছবুর ও অতিরিক্ত পুলিশ সুপার এ জেড মোস্তাফিজুর রহমান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন এবং তদারক করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শফিউল্লাহ জানান, এটি কোনো রোগ নয়। ওই শিক্ষার্থীরা গণমনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়েছে। সাধারণত শারীরিক ও মানসিক দুর্বলতার জন্য শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তা ছাড়া একজনের দেখাদেখিও অনেকে অসুস্থ হয়ে যায়। এতে ভয়ের কিছু নেই। আক্রান্তরা দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ বলেন, পরিস্থিতি সামাল দিতে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মনের ভয় দূর করতে ওই বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।