ফরিদপুরে ২৮০০ কেজি আম ধ্বংস, গোয়ালন্দে ৬০০ কেজি ডোবায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ফরমালিন মেশানো দুই হাজার ৮০০ কেজি আম বুলডোজার দিয়ে পিষে ফেলা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। 

গোয়ালন্দে কার্বাইড ও ফরমালিনযুক্ত ৬০০ কেজি আম জব্দ করে তা ডোবায় ফেলে দেওয়া হয়েছে। আমে কার্বাইড ও ফরমালিন মেশানোর দায়ে দুজনকে ভ্রাম্যমাণ আদালত দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন।

গত সোমবার সন্ধ্যায় ফরিদপুরের গোয়ালচামট হাজরাতলা এলাকার আরপি টাওয়ারে বাবলু মোল্লার (৪০) গুদাম থেকে ১৪২টি কার্টনে ভরা ফরমালিনযুক্ত দুই হাজার ৮০০ কেজি আম জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। বিচারিক হাকিম জয়ন্তি রায় অভিযানে নেতৃত্ব দেন। বাবলু মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করে গুদামটি সিলগালা করে দেন আদালত।

জয়ন্তি রায় জানান, সাধারণ ক্ষেত্রে আমে ফরমালিন থাকার কথা নয়। কিন্তু জব্দ করা আমগুলোতে ফরমালিনের মাত্রা ছিল ১৮৫ দশমিক ৭২ ভাগ; যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। গতকাল মঙ্গলবার দুপুরে জব্দ করা আম ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবদুর রশিদের নেতৃত্বে গোয়ালচামটের মাইক্রোবাস স্ট্যান্ডে নিয়ে বুলডোজার দিয়ে পিষে ফেলা হয়। 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার একটি বাড়িতে গত সোমবার দুপুরে আমে কার্বাইড মেশানোর সময় র‌্যাব-৮ ফরিদপুরের একটি দল দুই ব্যক্তিকে আটক করে। পর ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন। তাঁরা হলেন উত্তর দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার মনির মণ্ডল (৪০) এবং কেউটিল গ্রামের রাজ্জাক সরদার (৪২)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন জানান, সোমবার দুপুরে পাকানোর জন্য আমে ক্যালসিয়াম কার্বাইড ও ফরমালিন মেশানোর সময় দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার আক্কেল মুসল্লি বাড়ি থেকে র‌্যাব হাতেনাতে ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেখান থেকে জব্দ করা ৬০০ কেজি আমে কেরোসিন মিশিয়ে পাশের ডোবায় ফেলে দেওয়া হয়েছে।