ফরিদপুরে ২৯ ছাত্রী হাসপাতালে ভর্তি
এবার ফরিদপুর সদরের খলিলপুর উচ্চবিদ্যালয়ের ২৯ ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশের (অ্যাসেম্বলি) সময় ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।
এর আগে গত মঙ্গল ও বুধবার ফরিদপুর সদরের শিবরামপুর আরডি একাডেমির শিক্ষার্থী ও কর্মচারী মিলে মোট ৭৪ জন গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। দুই দিন চিকিৎসা শেষে তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় বিদ্যালয়ের অ্যাসেম্বলি শুরু হয়। ১০টা ১০ মিনিটের দিকে সপ্তম শ্রেণির মেহেদী হাসান নামের এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে। ওই ছাত্র শারীরিকভাবে দুর্বল ছিল। স্যালাইন খাওয়ালে সে দ্রুত সুস্থ হয়ে উঠলেও পরে বিভিন্ন শ্রেণির ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, অ্যাসেম্বলিতে এ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। এরপরও বিদ্যালয় থেকে ১৩ জন ও পরে বাকিরা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ২৯ জন ছাত্রী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে অষ্টম শ্রেণির ২১ জন, নবম ও দশম শ্রেণির ৩ জ করে এবং সপ্তম ও ষষ্ঠ শ্রেণির ১ জন করে ছাত্রী রয়েছে। এ ছাড়া ২ ছাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।