ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় গতকাল মঙ্গলবার ৩২ জন আহত হয়েছেন। আরও কমপক্ষে ৩০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ১৫ ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. সেলিম মোল্লা, মো. নূরুল ইসলাম, মো. মনসুর, মো. কুদ্দুস, মো. জাহাঙ্গীর, আ. মালেক শহীদ, মো. ওমর ফারুক, মো. জাহিদ মোল্লা, মো. ইরফান, মো. নজরুল শেখ, মো. জুয়েল মিয়া, মো. শহীদ, মো. হাফিজুর রহমান, মো. কালাম শেখ ও আ. হক মোল্লা।পুলিশ ও এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, গত ২৩ জুন সোনাপুর ইউপি নির্বাচনে জাফর মোল্লা চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু রাঙারদিয়া ও রং রায়েরকান্দি গ্রামের বাসিন্দারা তাঁকে ভোট দেননি বলে ধারণা করেন জাফর। এর জেরে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তাঁর নেতৃত্বে তিন শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ওই দুই গ্রামে হামলা চালান। গ্রামের বাসিন্দারাও তাঁদের প্রতিহত করার চেষ্টা চালান। দুই পক্ষের সংঘর্ষ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে। পুলিশ ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান জাফর মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমি আমার লোকদের ফেরানোর চেষ্টা করেছি।’ সালথা থানার ওসি আফসার আহমেদ বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সবাইকে এক মাস করে সশ্রম কারাদণ্ড দেন।