ফরিদপুরে ৩৫ হাজার মণ পাট পুড়ে ছাই
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ফিরোজা-মাজেদ জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফরিদপুর ও ভাঙ্গা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল।
২০১৩ সালে তালমা-নগরকান্দা আঞ্চলিক সড়কের ডান পাশে পাঁচ একর জমির ওপর এ পাটকলটি স্থাপন করা হয়। গতকাল দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন মিল ও পাশের পাটের গুদামে ছড়িয়ে পড়ে। এতে মিলের মধ্যে থাকা ও গুদামের সব পাট পুড়ে যায়।
মিলের উপমহাব্যবস্থাপক (ডিএমডি) মুজিবুল হক জানান, আগুনে পুড়ে গেছে ৩৫ হাজার মণ পাট। এ ছাড়া মিলের যন্ত্রপাতির অনেক ক্ষতি হয়েছে। তিনি দাবি করেন, আগুনে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শামসুজ্জোহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলের হটলার মেশিনের ঘর্ষণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা এখনই সম্ভব নয়। তিনি বলেন, ‘পাটের আগুন সহজে নেভানো সম্ভব নয়। আমাদের এ আগুন নেভাতে সারা রাতই কাজ করতে হবে।’