ফরিদপুরে ৬০ হাজার ইটভাটাশ্রমিক বেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে কয়লা আমদানি বন্ধ থাকায় বৃহত্তর ফরিদপুরের ২২৫টি ইটভাটার প্রায় ৬০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
ইটভাটা মালিক সমিতি ও কয়লা আমদানিকারক সমিতি সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছর থেকে পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী ভাটাগুলোকে জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় রূপান্তর করা হয়। ভাটা মালিকেরা সনাতন পদ্ধতির পরিবর্তে কয়লা দিয়ে ইট পোড়ানো শুরু করেন। মূলত ভারতের মেঘালয় থেকে দেশে কয়লা আমদানি হয়।
সুনামগঞ্জের তাহেরপুর কয়লা আমদানিকারক সমিতি সূত্রে জানা গেছে, মেঘালয়ের একটি আদালতে পরিবেশবাদীরা কয়লা উত্তোলন বন্ধে মামলা করেন। সম্প্রতি ওই আদালত কয়লা উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ফলে গত ১৬ মে থেকে মেঘালয় থেকে বাংলাদেশে কয়লা আমদানি বন্ধ রয়েছে।
বিভিন্ন সমিতি সূত্রে আরও জানা গেছে, কয়লা আমদানি বন্ধ থাকায় বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ২২৫টি ভাটায় ইট পোড়ানো বন্ধ রয়েছে। এতে ওই সব ভাটার প্রায় ৬০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এর মধ্যে শরীয়তপুরের ৩৫টি ভাটার সাড়ে ১০ হাজার, ফরিদপুরের ৭৬টি ভাটার ১৯ হাজার, মাদারীপুরের ৪০টি ভাটার ১২ হাজার, রাজবাড়ীর ৪৮টি ভাটার ১২ হাজার ও গোপালগঞ্জের ২৬টি ইটভাটার সাড়ে ছয় হাজার শ্রমিক রয়েছেন।
এ অঞ্চলের ইটভাটাগুলোতে সাধারণত অক্টোবর মাসের প্রথম দিকে শ্রমিকেরা কাজ শুরু করেন। ভাটাগুলোতে কাঁচা ইট প্রস্তুত করার কাজ হলেও কয়লার অভাবে সেগুলো পোড়ানো যাচ্ছে না। এই মৌসুমে প্রতিটি ভাটায় গড়ে এক হাজার থেকে ১২০০ টন কয়লার প্রয়োজন হয়।
গোপালগঞ্জ সদরের ইটভাটার মালিক দিনার শিকদার বলেন, ‘ইটভাটায় ১২ কোটি টাকা বিনিয়োগ করেছি। এখন কয়লা না পাওয়ায় ইট পোড়াতে পারছি না। শ্রমিকেরাও বেকার বসে আছে।’
শরীয়তপুর সদর উপজেলার নশাসন গ্রামের ইটভাটার শ্রমিক কাওসার হোসেন বলেন, ‘বছরে ছয় মাস ভাটায় কাজ কইরা সংসারের সারা বছর চলে। ভাটা বন্ধ থাকায় আমরা বেকার হয়ে পড়েছি।’
পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, জিগজ্যাগ পদ্ধতির ইটভাটাগুলোতে কয়লার বিকল্প জ্বালানি ব্যবহার করা যায় না। এ অবস্থায় ইটভাটায় কয়লা ব্যবহারের কোনো বিকল্প নেই। কয়লা সরবরাহ বন্ধ থাকলে ইটভাটার মালিকেরা সংকটের মধ্যে পড়বেন