আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের তিনটিতে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী থাকায় সেগুলোতে নির্বাচন হচ্ছে না।
একাধিক প্রার্থী থাকায় শুধু ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর আংশিক) নির্বাচন হবে।
ফরিদপুরে চারটি সংসদীয় আসনে মোট ভোটার ১২ লাখ ৩৪ হাজার ২৯ জন। এর মধ্যে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তিন লাখ ১৩ হাজার ৩২৯ জন ভোটার। এটি মোট ভোটারের ২৬ শতাংশ। অর্থাৎ ৭৪ ভাগ ভোটার ভোট দিয়ে তাঁদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাচ্ছেন না। জেলার ৮১টি ইউনিয়নের মধ্যে ৫৭টির ভোটারেরা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তাঁদের মনে ক্ষোভের অন্ত নেই।
ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনের ভোটার মধুখালী রেলগেট এলাকার দোকানমালিক মো. মনিরুজ্জামান বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট মানুষের অধিকার। সেই অধিকার আমরা হারালাম, ভোট দিতে পারলাম না।’
ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা এবং সদরপুরের আংশিক) আসনের রামনগর ইউনিয়নের ভোটার কলেজশিক্ষক অজয় দাস বলেন, ‘এ নির্বাচনী প্রক্রিয়া আমরা মোটেও ভালো চোখে দেখছি না। ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই। এ রকম নাটকীয় ফল আমরা চাই না।’
ফরিদপুর-৩ (সদর) আসনের ভোটার চুনাঘাটা এলাকার বাসিন্দা মুমিনুল হক বলেন, পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই নিষপ্রাণ হয়ে গেল।
নির্বাচনে প্রধান বিরোধী দল অংশ না নেওয়ায় ফরিদপুর-৪ আসনের অনেক ভোটারের মধ্যে নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই। তবে তাঁরা প্রতিনিধি
নির্বাচনের এ সীমিত সুযোগও কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছেন।
চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী অভিযোগ করেন, ‘গত পাঁচ বছরে এই সংসদীয় এলাকা মাদকে ছেয়ে গেছে। এ জন্য জনগণ নির্বাচনের যতটুকু সুযোগ পেয়েছেন, সেইটুকু কাজে লাগানোর জন্য একত্র হয়েছেন। তাই আমি মনে করি চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গার নির্বাচন জমে উঠেছে।’
ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি মুজিবর রহমান বলেন, ‘আমি ফরিদপুর সদর আসনের ভোটার। আমার দুর্ভাগ্য আমি নির্বাচনে ভোট দিতে পারছি না। তবে দেশে নির্বাচনের নামে যা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। সব দলের অংশগ্রহণে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হওয়া উচিত ছিল।’