ফরিদপুরের আলোচিত বরকত-রুবেলের ভাই জুয়েল মণ্ডল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়েল মণ্ডল
সংগৃহীত

ফরিদপুরে আলোচিত বরকত-রুবেলের ভাই জুয়েল মণ্ডলকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে পুলিশের একটি দল বোয়ালমারী পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
জুয়েল মণ্ডল ফরিদপুর শহরের বদরপুর এলাকার মৃত সালাম মণ্ডলের ছেলে। তিনি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপসহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত।

জুয়েল মণ্ডলের ভাই সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। অপর ভাই ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি। বরকত ও রুবেলকে গত ৭ জুন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় করা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা বর্তমানে মানি লন্ডারিং মামলার আসামি হিসেবে ঢাকার কাশিমপুর কারাগারে রয়েছেন।

জুয়েল মণ্ডলের গ্রেপ্তারের খবর নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতির বাসায় হামলার মামলার আসামি হিসেবেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুর রউফ বলেন, জুয়েল মণ্ডলের আচার–আচরণ ও চলাফেরা ছিল বেপরোয়া। মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করার উদ্যোগ নেওয়া হবে।

গত ১৬ মে রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার শহরের মোল্লাবাড়ি সড়কে অবস্থিত যমুনা ভবনে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সুবল সাহা ১৮ মে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ৭ জুন রাতে পুলিশ ওই মামলার আসামি হিসেবে বরকত-রুবেলসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে।
এ পর্যন্ত জুয়েল মণ্ডলসহ পুলিশের বিশেষ অভিযানে মোট ১৭ জন গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার, জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাক আসিবুর রহমান ফারহান রয়েছেন।