ফরিদপুরের কাঁচাবাজারে দামের ঊর্ধ্বগতি
বিরোধী দলের ডাকা টানা অবরোধ কর্মসূচির কারণে ফরিদপুরে কাঁচাবাজারে শাকসবজি ও মাছ-মাংসের দাম বেড়ে গেছে। গত শনিবার দুপুরে ফরিদপুর শহরের চারটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
মেসার্স আরাবী নামের কাঁচামাল আড়তেরকর্মচারী মো. সুমন বলেন, অবরোধের কারণে উত্তরবঙ্গ থেকে কাঁচামাল কম আসছে। আগে একটি ট্রাক দিনাজপুর থেকে পাঁচ হাজার টাকায় আসত। এখন সেখানে খরচ হচ্ছে নয় হাজার টাকা। তাই যেসব কাঁচামাল বাইরে থেকে আনা হয়, সেসব সামগ্রীর দাম বেড়ে গেছে।
শহরের বেইলি সেতুর কাছের খুচরা বিক্রেতা মো. জামাল বলেন, এখন আলুর মৌসুম। অবরোধ না থাকলে আলু এ সময় প্রতি কেজি বিক্রি হতো সাত থেকে আট টাকায়। এখন আলু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা কেজি দরে। কারণ আলু আনা হয় রংপুর, দিনাজপুর ও বগুড়া থেকে।
দিনাজপুর থেকে আনা উচ্ছেও প্রতি কেজি ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। শসা প্রতি কেজি ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩২ টাকা। বেগুন আনা হয় ঝিনাইদহ থেকে। এর দাম ২৪ থেকে বেড়ে ৩২ থেকে ৪০ টাকা হয়েছে। ২৪ টাকা কেজির গাজর ৩০ টাকায় বিক্রি হচ্ছে।