ফরিদপুরের জাহিদ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা জাহিদ হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। ৩০ জুলাই এ মামলার কার্যক্রমের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
ট্রাইব্যুনাল বলেন, আসামির বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ, সাক্ষীদের জবানবন্দি ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে ট্রাইব্যুনাল প্রাথমিক অভিযোগ (প্রাইমা ফেসি) পেয়েছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান সাংবাদিকদের বলেন, নগরকান্দা পৌর বিএনপির সহসভাপতি জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায়, একাত্তরে জাহিদ হোসেন নিজেকে ‘খোকন রাজাকার’ হিসেবে পরিচয় দিতেন। তিনি এলাকায় ‘খোকন মাতব্বর’ নামেও পরিচিত।