ফরিদপুরের জুবায়েরের সৌর ও বায়ুশক্তির মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌর ও বাতাসের শক্তিকে ব্যবহার করে মোটরসাইকেল চালালেন ফরিদপুরের যুবক টেকনিশিয়ান মো. জুবায়ের আলী। গতকাল রোববার সকালে মধুখালী উপজেলার কামারখালীতে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মোটরসাইকেলটি চালিয়ে দেখান তিনি। শিক্ষক-শিক্ষার্থীসহ অনেক মানুষ তা দেখে চমৎকৃত হন।কামারখালী বাজারের মাগুরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক জুবায়ের জানান, ব্যাটারি ও আনুষঙ্গিক যন্ত্রপাতি কিনে তিনি নিজেই মোটরসাইকেলটি তৈরি করেছেন। এতে খরচ হয়েছে ৩৫ হাজার টাকা এবং সময় লেগেছে ২০ দিন।মোটরসাইকেলের সামনে ও পেছনে দুটি সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। সামনে একটি চোঙের ভেতরে পাখা স্থাপন করা হয়েছে, যা বাতাসের মাধ্যমে শক্তি উৎপাদন করে। জুবায়েরের বক্তব্য অনুযায়ী সৌর ও বায়ু এ দুই মাধ্যমে ব্যাটারিতে ৩৬ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হয়। এ দিয়েই চলে তাঁর মোটরসাইকেল। বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সিদ্ধার্থ ভক্ত প্রথম আলোকে বলেন, ‘মোটরসাইকেলটি আমি নিজে চালিয়েছি এবং প্রতিটি বিষয় পর্যবেক্ষণ করেছি। জুবায়ের যে বর্ণনা দিয়েছে সেভাবেই এটি নির্মাণ করা হয়েছে। তাঁর এ উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য।’জুবায়েরের মোটরসাইকেলে দুটি ব্রেক ও একটি এক্সেলেটর স্থাপন করা হয়েছে। তবে ক্লাচ বা গিয়ার দেওয়া হয়নি। সাইকেলটিতে মোট তিনটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর দুটি ব্যবহূত হয় এটি চালাতে এবং একটি ব্যবহার করা হয় হর্ন, বাল্ব সিগন্যাল ও ডিপার দেওয়ার জন্য। ব্যাটারিগুলো সচল হয় সৌর প্যানেল ও বাতাস থেকে পাওয়া শক্তি থেকে। তবে ব্যাটারি চালু করার সময় অল্প সময়ের জন্য বিদ্যুতের চার্জ দিতে হয়।জুবায়ের জানান, তেলে চলে না বলে তাঁর মোটরসাইকেলে কোনো ধোঁয়া নেই। শব্দও হয় না। এটি ঘণ্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত চলে।অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা জুবায়েরের ওয়ার্কশপে গাড়ি, শ্যালো ইঞ্জিন, পাওয়ার টিলার ও স্টিল আলমারির কাজ হয়। সেখানেই তিনি মোটরসাইকেলটি তৈরি করেছেন।কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম জুবায়েরের উদ্যোগের প্রশংসা করে বলেন, মোটরসাইকেলটির আরও উন্নয়ন ও বাণিজ্যিক উৎপাদন সম্ভব কি না তা সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা উচিত।গত শনিবার সকালে জুবায়ের মধুখালী সদরের পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তাঁর মোটরসাইকেল চালিয়ে দেখান।