ফরিদপুরের পথে সুন্দরবনমুখী লংমার্চ

সুন্দরবনের গা ঘেঁষে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ আজ বুধবার সকালে মানিকগঞ্জ ছেড়ে ফরিদপুরের পথে রওনা হয়েছে।
সকাল ১০টার দিকে মানিকগঞ্জের নুরুল হোসেন ল কলেজ থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হন জাতীয় কমিটির অংশভুক্ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতা-কর্মীরা।সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পথসভা করেন। এর পর তাঁরা পাটুরিয়া ঘাট দিয়ে ফেরি পার হয়ে রাজবাড়ী যান। সেখানে পথসভা শেষে ফরিদপুরে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
লংমার্চে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকীসহ বিভিন্ন বামপন্থী রাজনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষক-শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
এর আগে গতকাল সন্ধ্যায় লংমার্চটি ঢাকা থেকে মানিকগঞ্জ শহরে গিয়ে পৌঁছায়। সেখানে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।