ফরিদপুরের পাট ব্যবসায়ী আট দিন ধরে নিখোঁজ
ফরিদপুর শহরের চকবাজার এলাকার এক পাট ব্যবসায়ী আট দিন ধরে নিখোঁজ। ৬ মে তিনি ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে বের হন। এরপর আর তিনি ফেরেননি।
নিখোঁজ ব্যবসায়ীর নাম অনুকূল চন্দ্র সাহা (৫৮)। তিনি শহরের ঝিলটুলী মহল্লার খন্দকার সেলিম সড়কের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। ৬ মে রাতে অনুকূল সাহার ছেলে অর্পণ সাহা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অনুকূল সাহার স্ত্রী শ্যামলী সাহা জানান, তাঁর স্বামী ভোর পাঁচটার দিকে ব্যবসায়িক পাওনা টাকা আনতে ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। ওই দিনই তাঁর ফিরে আসার কথা ছিল। নানা জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। ওই দিন বেলা দেড়টার পর থেকে তাঁর মুঠোফোনটিও বন্ধ আছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আমিনুজ্জামান গতকাল বৃহস্পতিবার বলেন, এ ব্যাপারে পুলিশের অনুসন্ধান চলছে। নিখোঁজ ব্যক্তির ছবি ও জীবনবৃত্তান্ত দিয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।