ফরিদপুরের পৌর মেয়র সাময়িক বরখাস্ত
ফরিদপুর পৌরসভার মেয়র পদ থেকে শেখ মাহাতাব আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ১০ কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।
আজ রোববার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে শেখ মাহাতাব আলীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের আটটি ফিরিস্তি দিয়ে বলা হয়েছে, ‘বর্ণিত কারণে সরকার আপনাকে সময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ এ আদেশ জনস্বার্থে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ফরিদপুর পৌরসভার ১২ জন কাউন্সিলর বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মেয়রের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন। এ-সংক্রান্ত চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া হলে মন্ত্রণালয় গত ১৩ অক্টোবর ১২টি অনিয়মের বিষয়ে তদন্ত করার জন্য ফরিদপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেন। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কে এম কামরুজ্জামান এ তদন্ত করেন। এর মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়।