ফরিদপুরের বোয়ালমারীতে চাড়িবাইচ প্রতিযোগিতা

ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী চাড়িবাইচ প্রতিযোগিতা। গতকাল বুধবার বিকেলে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চিতাঘাটা এলাকায় চন্দনা নদীতে এই বাইচ অনুষ্ঠিত হয়। স্থানীয় গুনবহা যুব সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।
ছোট-বড় বিভিন্ন ধরনের অর্ধশত চাড়ি নিয়ে বালক থেকে বৃদ্ধ বয়সীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীরা চাড়িতে করে চন্দনা নদী দিয়ে ২০০ মিটার দূরত্ব অতিক্রম করেন। প্রতিযোগিতা শেষে সব প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন মানের পুরস্কার।
এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে রকমারি দোকান। প্রতিযোগিতা দেখতে নদীর পাড়ে ভিড় জমায় বিভিন্ন বয়সের হাজারো মানুষ।
যুব সংঘের সভাপতি সজীব খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সাবেক ছাত্রনেতা রাহাদুল আক্তার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা তানভীর আক্তার প্রমুখ।