ফরিদপুরের ব্যবসায়ী নিখোঁজ চার দিন

ফরিদপুরে চার দিন ধরে নাসির উদ্দীন (৪৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। ১ জুলাই বেলা ১১টার দিকে শহরের গোরস্থান এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তিনি শহরের হাবেলি গোপালপুরের বাসায় ফেরার পথে নিখোঁজ হন।
এ ব্যাপারে ওই ব্যবসায়ীর ভাই সাইফ আহমেদ গত বৃহস্পতিবার ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নাসির উদ্দীন শহরের গোরস্থান এলাকার উইন কম্পিউটাটের মালিক। এ ছাড়া তিনি হাতিল ফার্নিচার, পারটেক্স ফার্নিচার ও আকতার ফার্নিচারের ফরিদপুর এবং কুষ্টিয়া জেলার পরিবেশক।
নাসির উদ্দীদের ভাই সাইফ আহমেদ জানান, নাসির উদ্দীনের বিয়ের দিন ধার্য ছিল গত শুক্রবার (৩ জুলাই)। ওই দিন কুষ্টিয়া শহরের ফুলতলায় তাঁর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ পেতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।