ফরিদপুরের মধুখালীতে শিক্ষককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট পশ্চিমপাড়া এলাকায় গত শুক্রবার দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে মো. রমজান আলী শেখ নামের এক শিক্ষককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

রমজান আলী বাগাট উচ্চবিদ্যালয়ের কৃষিবিজ্ঞানের শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাঁকে গতকাল শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৮-১০ জনের সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত ঢেঁকি দিয়ে দরজা ভেঙে রমজান আলীর ঘরে প্রবেশ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর মাথা, পিঠ ও দুই হাতে জখম করে।

রাতেই ওই শিক্ষককে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল হক প্রথম আলোকে বলেন, হামলাকারীরা ওই শিক্ষককে কুপিয়ে জখম করা ছাড়া ঘরের কোনো দ্রব্যসামগ্রীতে হাত দেয়নি। শত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।: