ফরিদপুরের সহকারী পোস্টমাস্টার নিখোঁজ, জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছিলেন ফরিদপুরের সহকারী পোস্টমাস্টার সুরেশ চন্দ্র মণ্ডল (৫৬)। আর ফিরে আসেননি। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সুরেশ মণ্ডল ফরিদপুরের প্রধান ডাকঘরে সহকারী পোস্টমাস্টার হিসেবে কর্মরত। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার কানুর গাঁ গ্রামের বাসিন্দা। সহকারী পোস্টমাস্টার হিসেবে কর্মরত থাকলেও তিনি ডেপুটি পোস্টমাস্টার (সঞ্চয়) পদের কাজ করতেন।

ফরিদপুরের প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল মো. মোহসিন উদ্দিন প্রথম আলোকে বলেন, সুরেশ মণ্ডল প্রায় প্রতি বৃহস্পতিবার কালকিনিতে গ্রামের বাড়িতে যান; শনিবার সন্ধ্যার মধ্যেই ফরিদপুর ফিরে আসেন। গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে যান।

সুরেশ মণ্ডলের পরিবারের সদস্যরা জানান, শনিবার বেলা তিনটার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর কোনো সংবাদ পাওয়া যায়নি। পরে তাঁর ছেলে মিথুন মণ্ডল কালকিনি থানায় জিডি করেন।

সহকারী পোস্টমাস্টার জেনারেল মো. মোহসিন উদ্দিন বলেন, শনিবার ভোরে অম্বিকাপুর সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার পঙ্কজ কুমার সরকার সুরেশের মুঠোফোন নম্বরে ফোন করেন। কিন্তু ফোনটি তিনি ধরেননি। এর কিছুক্ষণ পর সুরেশের নম্বর থেকে পঙ্কজের নম্বরে ফোন দিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি গালাগাল করে লাইন কেটে দেয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।