ফরিদপুরের সহকারী পোস্টমাস্টার নিখোঁজ
ফরিদপুরের প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার সুরেশ চন্দ্র মণ্ডলের (৫৬) সন্ধান পাওয়া যাচ্ছে না। গত শনিবার বিকেলে মাদারীপুরের কালকিনির নিজ বাড়ি থেকে তিনি কর্মস্থল ফরিদপুরের উদ্দেশে রওনা হন। এ ঘটনায় গতকাল রোববার তাঁর পরিবারের সদস্যরা কালকিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সুরেশ মণ্ডলের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কানুর গাঁ গ্রামে। তিনি ফরিদপুরের প্রধান ডাকঘরে ডেপুটি পোস্টমাস্টার (সঞ্চয়) পদে ছিলেন।
সুরেশ মণ্ডলের ছেলে মিথুন মণ্ডল বলেন, ‘শনিবার বেলা তিনটার দিকে বাবা বাড়ি থেকে বের হন। সাড়ে তিনটায় মুঠোফোনে তাঁর সঙ্গে কথা হয়। সন্ধ্যা ছয়টার দিকে তাঁর মুঠোফোন থেকে ফোন আসে। তবে তিনি কথা বলেননি। মনে হয়েছিল তাঁর অজান্তে ফোন এসেছে। তাই ফোন কেটে দিয়েছিলাম। এরপর থেকে ফোন বন্ধ রয়েছে। তাঁর সন্ধান না পেয়ে দুপুর ১২টায় কালকিনি থানায় জিডি করেছি।’
ফরিদপুরের প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল মো. মোহসিন উদ্দিন বলেন, ‘সুরেশ মণ্ডল প্রায় প্রতি বৃহস্পতিবার কালকিনিতে গ্রামের বাড়িতে যেতেন। শনিবার সন্ধ্যার মধ্যেই তিনি ফরিদপুর ফিরে আসতেন। গত বৃহস্পতিবারও তিনি কালকিনিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গতকাল ভোরে অম্বিকাপুর সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার পঙ্কজ কুমার সরকার তাঁর (সুরেশ) মুঠোফোনে ফোন করলেও ধরেননি।’