ফরিদপুরের সেই বিলবোর্ড, পোস্টার, প্রতীক অপসারণ
ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন স্থানে লাগানো পোস্টার, ব্যানার এবং সড়কের মোড়ে স্থাপন করা বিলবোর্ড ও প্রতীকের প্রতিকৃতি গতকাল সোমবার ও গত রোববার অপসারণ করা হয়।
গতকাল সকাল সাড়ে নয়টা থেকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী খন্দকার মোহতেশাম হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট মোকাররম মিয়া উপস্থিত থেকে তাঁদের ব্যানার, পোস্টার ও বিলবোর্ড অপসারণের কাজ তদারক করেন।
মোকাররম মিয়া বলেন, ‘এ ধরনের কাজ আমাদের পক্ষে কেউ আগামীতে করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঝরনা হাসান জানান, তাঁর কতিপয় সমর্থক না বুঝে দেয়ালে কিছু পোস্টার সেঁটেছিল। সেগুলো গত রোববার তিনি নিজ উদ্যোগে অপসারণ করেছেন।
বিএনপি-সমর্থিত প্রার্থী এ এইচ এম মাহবুবুল হাসান ওরফে পিংকু বলেন, ‘আমার কতিপয় উৎসাহী সমর্থক নিজেদের ছবি দিয়ে ব্যানার বানিয়েছিল। সেগুলো অপসারণ করা হয়েছে।’
জেলা রিটার্নিং কর্মকর্তা ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গত রোববার বিকেলে সব প্রার্থীকে নিয়ে মনিটরিং কমিটির সভা হয়। ওই সভায় গতকাল সকাল ১০টার মধ্যে এগুলো অপসারণ না করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এ ছাড়া আইন লঙ্ঘনকারী প্রার্থীদের কারণ দর্শানোর জন্য নোটিশও দেওয়া হয়। ৮ মার্চ প্রথম আলোয় ‘ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন, আচরণবিধি লঙ্ঘনের হিড়িক’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
দুই প্রার্থীর জরিমানা
আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রচারণা চালানোর সময় একটির স্থলে দুটি মোটরসাইকেল ব্যবহার করায় স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিবকে গতকাল দুপুরে এক হাজার টাকা জরিমানা করা হয়। একটির স্থলে দুটি মাইক ব্যবহার করার দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহামঞ্চদ আলমগীর হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের এ দুটি রায় দেন। আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।