ফরিদপুরের সেই শিক্ষক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের গোবিন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের (৪৫) বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। তাঁর এক সহকর্মী সোমবার রাতে মামলাটি করেন। আলমগীরকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
শিক্ষক আলমগীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি মুঠোফোনে তাঁর এক সহকর্মীর স্ত্রীর গোসলের দৃশ্য ধারণ করেছেন। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মামলাটিতে আলমগীর হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে। তাঁকে গতকাল দুপুরে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শফিকুর রহমান জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে নওশের উজ্জামানকে। একই সঙ্গে তাঁকে বিদ্যালয়ের ব্যাংক হিসাব পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ছিল। তবে আজ বুধবার থেকে যথারীতি পাঠদান চলবে বলে শফিকুর রহমান জানিয়েছেন।