ফরিদপুরের ৯৭ ভাগ বাসিন্দা মশকনিধন সম্পর্কে জানে না
ফরিদপুর পৌরসভায় মশার উৎপাতে অতিষ্ঠ শহরবাসী। অথচ পৌরসভায় মশকনিধনের কোনো কার্যক্রম আছে, এ কথা জানে না প্রায় ৯৭ ভাগ বাসিন্দা। ফরিদপুর পৌরসভার ওপর করা জরিপ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করে ফরিদপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন টিআইবির গবেষণা বিভাগের উপপ্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম। সনাকের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সনাক সদস্য মুন্শী হারুন অর রশিদ, কাউন্সিলর আনিসুর রহমান প্রমুখ। ২০১১ সালের ১২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ৫৩২ জন বাসিন্দার ওপর এই জরিপ চালানো হয়।পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী পৌরসভায় প্রয়োজনীয় জনবলের অভাবসহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, মশার ওষুধ আছে, কিন্তু মেশিন (ফগার মেশিন) নষ্ট থাকায় মশার ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না। পানির আরেকটি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করা হলে পানি সমস্যার সমাধান হবে। পানি সরবরাহ মিটারের আওতায় আনা হবে। এর ফলে পানির অপচয় রোধ হবে।